জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের নামে পারফিউম তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা। জাতীয় দলের খেলা নেই, বিশ্বকাপেও অংশ নেওয়া হচ্ছে না—আপাতত মাঠের বাইরের কার্যক্রমই ক্রিকেটারদের ভরসা -সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক 8 বিপিএলের দ্বাদশ আসর দিয়ে দাপুটে এক টুর্নামেন্ট শেষ করেছেন তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলামরা। শুরুতে কিছুটা ছন্দ হারালেও শেষদিকে ছিলেন দুর্দান্ত। টি-টোয়েন্টি জাতীয় দলে না থাকলেও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাভাবিকভাবেই সামনে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের।
কিন্তু বাস্তবতা এখন ঠিক তার উল্টো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ সরকার। অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশকে স্থানান্তরের বিষয়েও রাজি নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে মাঝখানে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন ক্রিকেটাররাই। বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে যখন প্রশ্ন করা হয়—পরের ম্যাচ কবে, তা কি তিনি জানেন? উত্তরে শান্ত বলেন, ‘না’।
এক যুগেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এই ক্রিকেটার কি আগে কখনো এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন? উত্তর এবারও একই—‘না’। সম্প্রতি দেশের ঘরোয়া ক্রিকেট পড়েছে চরম অনিশ্চয়তায়। ঢাকার প্রথম বিভাগের পর দ্বিতীয় বিভাগ ক্রিকেটও বয়কট করেছে বেশিরভাগ ক্লাব।
একই পরিণতির আশঙ্কা রয়েছে তৃতীয় বিভাগের ক্রিকেট নিয়েও। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো দেশের একমাত্র ৫০ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ।
বিপিএল শেষ করেই বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার কথা ছিল লিটন দাস, তানজিদ হাসান, শরিফুল ইসলামদের। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে এবার সেই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ থাকলেও তার আগে আপাতত কোনো খেলা নেই। বিষয়টি নিয়ে চিন্তিত ক্রিকেটাররা।
নাজমুল হোসেন শান্ত অকপটে স্বীকার করেন, ‘চিন্তা তো একটু হয়ই। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে কিছুটা দুশ্চিন্তা আছে—এটা অস্বীকার করার কিছু নেই।’ আন্তর্জাতিক ক্রিকেট নেই, ঘরোয়া ক্রিকেটেও চলছে অনিশ্চয়তা—এমন পরিবেশ দেশের ক্রিকেটের বর্তমান চিত্রটাই স্পষ্ট করে দিচ্ছে। শান্ত বলেন, ‘গত এক-দেড় বছরে যেভাবে আমাদের ক্রিকেট চলছে, বিশেষ করে মাঠের বাইরের পরিবেশ, তা মাঠের ক্রিকেটকে অনেকটাই ব্যাহত করছে।’
এই অচলাবস্থার সমাধানে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে শান্ত বলেন, ‘যারা দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ড হোক বা বাইরের সবাই—সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা যেন সুন্দরভাবে চালু রাখা যায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলা চলছে ঠিকই, কিন্তু কীভাবে ক্রিকেট আরও নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায়, সেটাই ভাবার বিষয়।’ বিপিএলে দারুণ ছন্দে ছিলেন শরিফুল ইসলাম।
শিরোপা না জিতলেও রেকর্ড ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই বাঁহাতি পেসারও বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন। যদিও সরকার ও বোর্ডের সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। শরিফুলের ভাষায়, ‘দেখেন বিশ্বকাপে যাওয়া হচ্ছে না, এটা পুরোপুরি তো বোর্ডের সিদ্ধান্ত। আমরা খেলোয়াড়রা সব সময় চিন্তা করি কীভাবে ভালো পারফর্ম করব।
আমিও চেষ্টা করি, তামিমও চেষ্টা করছে (ভালো খেলতে)। এখন বিশ্বকাপে যাওয়া না যাওয়া তো আমাদের হাতে নেই (হাসি)। টি-টোয়েন্টি দলের ওপেনার তানজিদ হাসান তামিম ফাইনালে সেঞ্চুরি করে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা এনে দেন। এমন দুর্দান্ত ছন্দে থেকেও বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ যে তাকেও পোড়াবে, তা বলাই বাহুল্য।